দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ
সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটির দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত থাকবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। তারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করা হবে। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। এছাড়া প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানান তারা।
এ বিষয়ে বুধবার রাত ১১টায় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার বিকেল ৩টায় বিইআরসির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে পুনরায় এলপিজি বিক্রি শুরু হবে, অন্যথায় বিক্রি বন্ধই থাকবে।