কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে পর্যটকসহ সব ভিসা কার্যক্রম স্থগিত
দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এদিন থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবাসহ পর্যটক ভিসা ও অন্যান্য ভিসা প্রদান কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম চালু রয়েছে।
সূত্রটি জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা বন্ধ থাকবে।
এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ সালে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।