মারিয়া কোরিনা মাচাদো ঘোষণা, ভেনেজুয়েলাকে আমেরিকার জ্বালানিকেন্দ্রে রূপান্তর করা হবে
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তার দেশকে ভবিষ্যতে আমেরিকার “জ্বালানিকেন্দ্রে” পরিণত করা হবে।
গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি সামরিক অভিযান চালিয়ে নিউইয়র্কে আটক করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। এ প্রসঙ্গে সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, মাদুরোর আটক দেশটির স্বাধীনতার জন্য মাইলফলক, এবং এই দিন “ন্যায়বিচারের কাছে অত্যাচারের পরাজয়” হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে।
মাচাদো বলেন, “আমরা ভেনেজুয়েলাকে আমেরিকার জ্বালানিকেন্দ্রে রূপান্তর করব। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, বাজার উন্মুক্ত করা এবং বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া দেশের বাইরে থাকা লক্ষ লক্ষ নাগরিককে ফিরিয়ে এনে একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা হবে।”
তিনি আরও জানিয়েছেন, ভেনেজুয়েলাকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে গড়ে তোলা হবে।
এদিকে, মাদুরোর পতনের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যাকে সেনাবাহিনী ও ট্রাম্প প্রশাসন স্বীকৃতি দিয়েছে। মাচাদো এখনও দেশে ফেরেননি, যদিও কিছু বিশ্লেষক মনে করছেন, নোবেল শান্তি পুরস্কার অর্জন এবং তা গ্রহণের কারণে ট্রাম্প প্রশাসন তাঁকে শাসনভার থেকে আপাতত দূরে রেখেছে।