অত্যাবশ্যক ওষুধের তালিকায় যুক্ত হলো ১৩৬টি নতুন ওষুধ
অত্যাবশ্যক ওষুধের তালিকা হালনাগাদ করেছে সরকার। নতুন করে এই তালিকায় যুক্ত করা হয়েছে ১৩৬টি ওষুধ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
তিনি বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধগুলোর মূল্য সরকার নির্ধারণ করবে এবং বর্তমান সরকারের মেয়াদেই তা বাস্তবায়ন করা হবে। হাইপারটেনশন ও ডায়াবেটিসের মতো সাধারণ রোগের ওষুধগুলো তালিকায় থাকলেও ক্যানসারের ওষুধ এতে অন্তর্ভুক্ত হয়নি।
ডা. সায়েদুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে ওষুধের দাম নির্ধারণ না থাকায় অনেক ওষুধ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। এই উদ্যোগের মাধ্যমে সেই সমস্যা সমাধান হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বৃদ্ধির গাইডলাইন ইতোমধ্যে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।