জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধিকার রয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুল
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুত করেছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। সে কারণে তাদের দায়মুক্তি দেওয়া ন্যায্য ও প্রয়োজনীয়। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য আইনগত দায়মুক্তি নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।
আইন উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইনের বৈধতা স্বীকৃত। এছাড়া ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্যও দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল। এসব আইনগত নজির বিবেচনায় নিয়ে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে।
তিনি জানান, ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অধ্যাদেশটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।