রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের আধিপত্যমূলক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং এখন দেশটি স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সরকারের সমালোচনার কিছু যৌক্তিক দিক অবশ্যই রয়েছে, তবে অনেক ক্ষেত্রে সেই সমালোচনা নির্দয় পর্যায়ে চলে যায়। তিনি বলেন, “সরকার যদি ১০টির মধ্যে ৪টি কাজ করতে পারে, তাহলে সেই ৪টির স্বীকৃতি না দিয়ে শুধু বাকি ৬টি না পারার জন্য সমালোচনা করা হয়—এমন চিত্র আমরা দেখতে পাই।”

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিচার বিভাগের পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি এবং বাজেট বরাদ্দসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হয়েছে। এটি বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে একটি বড় ধরনের সংস্কার।

তিনি প্রশ্ন তুলে বলেন, “এটা কি সংস্কার নয়? রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে শক্তিশালী করা কি ভবিষ্যতে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে না?” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সংস্কার কোনো ম্যাজিকের মতো তাৎক্ষণিক ফল দেয় না।

আইন উপদেষ্টা আরও বলেন, সরকার গুম সংক্রান্ত তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে, যা অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে। সেই অভিজ্ঞতার আলোকে একটি নতুন মানবাধিকার আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি দাবি করেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মানবাধিকার আইনের তুলনায় বাংলাদেশের নতুন আইন আরও উন্নত। এই আইনের আওতায় শিগগিরই মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

বিপ্লবোত্তর সময়ে প্রত্যাশা ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এই সময় বাস্তবতা বিবেচনায় নিয়ে সংস্কার প্রক্রিয়াকে মূল্যায়ন করা জরুরি।