পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত, ইসি জারি করলো পরিপত্র
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসি এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করেছে, যা স্বাক্ষর করেছেন সংস্থার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
ইসি জানায়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জানুয়ারি রায় দিয়েছেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই দুই আসনে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসি।
পাবনার আসন দুটি নিয়ে সম্প্রতি হাইকোর্টের রায় অনুসারে, পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা ও বেড়া পৌরসভা ও চার ইউনিয়ন এবং পাবনা-২ আসনে সুজানগর ও বেড়া উপজেলার বাকি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছিল। হাইকোর্টের এই রায়ের ভিত্তিতে সংশোধিত গেজেট প্রকাশ করেছিল ইসি।
তবে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জানুয়ারি পূর্বের সীমানা পুনর্বহাল করার অংশ স্থগিত করে। এই নির্দেশনা অনুযায়ী, ইসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই আসনে ভোট গ্রহণ স্থগিত রাখবে।