ইরানের শীর্ষ কর্মকর্তা: মাদুরোর মতো ট্রাম্পকেও আটক করা উচিত
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছিলো, ঠিক তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আটক করা উচিত।
ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের খামখেয়ালি পদক্ষেপ নিয়ে বিশ্বনেতারা নীরব থাকলেও, তিনি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরব হওয়ায় এটি মোটেও কাম্য নয়। আজঘাদি মনে করেন, ক্ষমতায় থাকাকালীন বা শাসনকাল শেষে ট্রাম্পকে আটক করে বিচারের আওতায় আনা আবশ্যক।
এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং ওয়াশিংটনের সমর্থন ও ক্ষোভ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে অহংকারী ট্রাম্পও পতনের মুখে পড়বেন।” তিনি ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, কিছু উসকানিদাতা সরকারি সম্পদ ধ্বংস করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে।
খামেনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাদের কখনো মাথানত করা হবে না।
এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। পাল্টাপাল্টি এসব মন্তব্যের ফলে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।