রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক বিকুল নিহত
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিকুল বাগমারা এলাকার বাসিন্দা এবং আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে অস্ত্রধারীরা পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে গুরুতর আহত করে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওসি আব্দুর রাজ্জাক মীরসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।