বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিমাসিক খরচ অপরিবর্তিত, বিটিসিএলের ইন্টারনেট গতিতে তিন গুণ বৃদ্ধি

মাসিক খরচ অপরিবর্তিত, বিটিসিএলের ইন্টারনেট গতিতে তিন গুণ বৃদ্ধি

favicon
ভোরের আলো ডেস্ক:
মাসিক খরচ অপরিবর্তিত, বিটিসিএলের ইন্টারনেট গতিতে তিন গুণ বৃদ্ধি

গ্রাহকদের জন্য আরও উন্নত ও দ্রুতগতির ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজের গতি তিন গুণ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।


রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই আগের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


বিটিসিএলের ভাষ্য অনুযায়ী, গতিবৃদ্ধির ফলে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।


নতুন প্যাকেজ কাঠামোয় ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজ উন্নীত হয়ে ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। একইভাবে ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকার ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ হিসেবে চালু করা হয়েছে।


এছাড়া ৮০০ টাকার ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’, ১০৫০ টাকার ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজ ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’ এবং ১১৫০ টাকার ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজ ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।


একইসঙ্গে ১৩০০ টাকার ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’, ১৫০০ টাকার ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজ ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১৭০০ টাকার ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজ ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।


বিটিসিএলের দাবি, এই পদক্ষেপ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে।