বেনাপোলে র্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬।
র্যাব জানায়, রোববার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি মো. সাকিব হাসান (২১)। তিনি বেনাপোল পোর্ট থানার বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আসলাম আলী।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব হাসান অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
পরে আটক যুবককে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।