পোস্টাল ব্যালটে ভোট ফেরত পাঠাতে হবে সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে, না হলে বাতিল: ইসি
পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমেই ব্যালট ফেরত পাঠাতে হবে। অন্য কোনো পথে পাঠানো হলে সেই ভোট গ্রহণযোগ্য হবে না। সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত ভোটারদের অনুরোধ করা হচ্ছে যেন তারা নিজ নিজ দেশের ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট প্রেরণ করেন। প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ডাক বিভাগের নির্ধারিত চ্যানেল ছাড়া অন্য কোনো মাধ্যম ব্যবহার করে পাঠানো পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করবেন না।
এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।