শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশমাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ হাউসের আগুন নিয়ন্ত্রণে, রহস্য নিয়ে নানা প্রশ্ন

মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ হাউসের আগুন নিয়ন্ত্রণে, রহস্য নিয়ে নানা প্রশ্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ হাউসের আগুন নিয়ন্ত্রণে, রহস্য নিয়ে নানা প্রশ্ন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ হাউসে (মালামাল সংরক্ষণাগার) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের টানা তৎপরতায় রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ সেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


এর আগে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। তবে কেন্দ্রের প্রশাসন বিভাগের কর্মকর্তা সাজ্জাদ এবং কেমিস্ট রাকিব অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, স্ক্র্যাপ হাউসে ভয়াবহ আগুন লাগে এবং সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন।


মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লেগেছে এবং বাইরে থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। তবে ভেতরে থাকা কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এদিকে প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। তাদের মতে, প্রকল্প এলাকার একটি বড় অংশজুড়ে টাউনশিপ নামে পরিচিত আবাসিক এলাকা রয়েছে, যেখানে কোটি কোটি টাকার স্ক্র্যাপ সংরক্ষিত ছিল। অতীতে আওয়ামী লীগ সরকারের সময় এসব স্ক্র্যাপ নিলাম নিয়ে কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যার নিষ্পত্তি এখনো হয়নি।


তাদের ধারণা, ওই কেলেঙ্কারির প্রমাণ নষ্ট করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে এই অভিযোগ নাকচ করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ঢাকার প্রধান কার্যালয়ের প্রকৌশলী মাহমুদ আলম। তিনি বলেন, গত মাসে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় স্ক্র্যাপ ইয়ার্ডে উল্লেখযোগ্য কোনো মালামাল তার চোখে পড়েনি।