ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, গণশুনানিতে ক্ষুব্ধ গ্রাহকদের তোপের মুখে বাখরাবাদ গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিনের গ্যাস সংকট নিয়ে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গণশুনানি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আয়োজিত এই গণশুনানিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কর্মকর্তারা সরাসরি গ্রাহকদের তীব্র সমালোচনার মুখে পড়েন। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা।
গণশুনানিতে সভাপতিত্ব করেন বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়া পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, জেলা বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রতিরাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং দিনে থাকলেও চুলায় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। মাসের পর মাস এই দুর্ভোগ চললেও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না বলে তারা জানান। বক্তব্য দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়।
এ সময় অনেকে বাখরাবাদ গ্যাসের পরিবর্তে তিতাস গ্যাসের নাম পুনর্বহালের দাবিও তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানান এবং অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কার কথা উল্লেখ করেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলাকায় প্রায় ৫২ হাজার বৈধ সংযোগের পাশাপাশি প্রায় ২৫ হাজার অবৈধ সংযোগ রয়েছে। পুরোনো লাইনের কারণে লিকেজ ও অতিরিক্ত সিস্টেম লস হচ্ছে, এতে কোম্পানিও আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এসব সমস্যা সমাধান এবং গ্যাসের বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন তারা।