বাংলাদেশের সঙ্গে সব সামরিক যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে: ভারতীয় সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং তিন বাহিনীই নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে কী ধরনের সরকার রয়েছে, তা বোঝা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সরকারটি যদি অন্তর্বর্তী হয়, তবে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদি নাকি স্বল্পমেয়াদি—তা বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল চালু রয়েছে এবং তিনি নিজেও নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি অন্যান্য সামরিক চ্যানেলেও যোগাযোগ অব্যাহত আছে।
তিনি জানান, ভারত এরই মধ্যে একটি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠিয়েছিল, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে ভারতের নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও তাদের সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
ভারতীয় সেনাপ্রধান বলেন, এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি না থাকে। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমানে তিন বাহিনীর যে কার্যক্রম চলছে, তার কোনোটিই ভারতের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়।
তিনি আরও বলেন, সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া—ভারত যেমন তা করছে, তেমনি অন্যান্য দেশও করছে। প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।