এনইআইআর সিস্টেমের সার্ভার ও আইপি নিয়ে গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিটিআরসির
মোবাইল ফোনের এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট ব্যবহার বন্ধ, চুরি হওয়া ফোন শনাক্তকরণ, অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংঘটিত অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিতের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে।
বিটিআরসি জানায়, সিস্টেমটি চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এনইআইআর-এর সার্ভারের অবস্থান ও আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে বাস্তবতা হলো— এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের অভ্যন্তরেই একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকের তথ্য সুরক্ষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব বিধান অনুসরণ করেই সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া, সিস্টেমটিতে ব্যবহৃত আইপি এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) কর্তৃক বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত, ফলে দেশের বাইরে ডাটা বা ট্রাফিক যাওয়ার কোনো সুযোগ নেই।
বিটিআরসি আরও জানায়, এনইআইআর পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সব রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং আইপি রুট বিশ্লেষণের মাধ্যমে সিস্টেমটির নিরাপত্তা ও দেশীয় অবস্থান নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে যেকোনো অপপ্রচার ও গুজব থেকে দূরে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন।