মিরপুরের খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুরে একটি খাল থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মিরপুর ১২ নম্বর ঝিলপাড় এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, দুপুরের দিকে খালে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পল্লবী থানায় খবর দেয়। খবর পেয়ে পল্লবী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক টিমও সেখানে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চালায়। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, মরদেহের চেহারা ও আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ ও ভিসেরাসহ বিভিন্ন পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও নিহত ব্যক্তির পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।