উত্তরা–টঙ্গী ব্রিজ এলাকায় গ্যাসলাইন লিকেজ, উত্তরা ও আশপাশে সাময়িকভাবে সরবরাহ বন্ধ
রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে গিয়ে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে নিরাপত্তার স্বার্থে উত্তরার বিতরণ মেইনের ১২ ইঞ্চি ব্যাসের গ্যাসলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপনের কাজ দ্রুততার সঙ্গে চলমান রয়েছে। মেরামত কাজ শেষ হলে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।