ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৮.৯৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত-এ অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এর মধ্যে ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবির সদস্য ৬১টি জেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুপরিকল্পিত ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। বিজিবির সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে, যা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করবে।”
তিনি বিজিবিকে নির্দেশনা দিয়ে আরও বলেন, “যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ, যা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন।”
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।