বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রাজবাড়ীতে পদ্মা নদীতে একাধিক কুমির দেখা যাওয়ায় আতঙ্ক, নদীতে নামতে নিষেধাজ্ঞা

রাজবাড়ীতে পদ্মা নদীতে একাধিক কুমির দেখা যাওয়ায় আতঙ্ক, নদীতে নামতে নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজবাড়ীতে পদ্মা নদীতে একাধিক কুমির দেখা যাওয়ায় আতঙ্ক, নদীতে নামতে নিষেধাজ্ঞা

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে গত কয়েকদিন ধরে একাধিক কুমির ভেসে থাকতে দেখা গেছে। এতে নদী তীরবর্তী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা সামাজিক বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।


সরেজমিনে দেখা যায়, সামাজিক বন বিভাগের কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা নদীর তীরে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন পদ্মা নদীতে নামেন না।


স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম মামুন জানান, গত কয়েকদিন ধরে উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের অংশে পদ্মা নদীর তীরে কুমির দেখা যাচ্ছে। গত ১৩ জানুয়ারি সকাল ১১টা ও দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর পানিতে কুমির ভেসে থাকতে দেখেন। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কেউ আর নদীতে গোসল করতে নামেননি।


উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশীদুল ইসলাম টুকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়টি নদীর খুব কাছেই অবস্থিত। কুমির দেখা যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভীতি তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নদীর তীরে যেতে নিষেধ করা হয়েছে।


রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সামাজিক বন বিভাগকে অবহিত করা হয়। এর পর বন বিভাগের পক্ষ থেকে মাইকিং ও সতর্কতা জারি করা হয়েছে এবং আপাতত নদীতে নামতে সবাইকে নিষেধ করা হয়েছে।