পার্বত্য চট্টগ্রামের মানবসম্পদ উন্নয়নে বৈশ্বিক অংশীদারির ওপর জোর সুপ্রদীপ চাকমার
পার্বত্য চট্টগ্রামবাসীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারির গুরুত্বের কথা তুলে ধরেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইএলও প্রতিনিধিদল জানায়, কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত প্রোগ্রেস প্রকল্পের আওতায় তারা পার্বত্য চট্টগ্রামে নারী উন্নয়ন, দক্ষতা প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করতে আগ্রহী। বিশেষ করে পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সব উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মান ও শ্রম আইন মেনেই বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দক্ষ মানবসম্পদ গঠন সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।