ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হতে পারে পবিত্র রমজান, মার্চে ঈদুল ফিতরের সম্ভাবনা
মুসলিম উম্মাহর সিয়াম ও সাধনার পবিত্র মাস রমজান আবারও দোরগোড়ায়। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সম্ভাব্য হিসেবে রমজানের প্রথম দিন ধরা হচ্ছে ফেব্রুয়ারির ১৮ তারিখ, যদিও তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। সে অনুযায়ী, পরদিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যালেন্ডারে আরও উল্লেখ করা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। হিজরি বর্ষ ও মাস চাঁদের হিসাব অনুযায়ী নির্ধারিত হয় এবং প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। বর্তমানে হিজরি বর্ষের রজব মাস চলছে।
এদিকে, জাতীয় ঘটনাপ্রবাহের অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে।