মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনা সদস্য
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়ি ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে চারজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলোঘাট ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাভিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালিশপুরগামী একটি ট্রাক সেনাবাহিনীর টহল গাড়ির সামনে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহন সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় টহল গাড়িতে থাকা চারজন সেনা সদস্য গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সেনা সূত্র জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।