প্রাথমিক শিক্ষা শক্তিশালী হলে উচ্চশিক্ষাও এগোবে: টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষা মজবুত না হলে উচ্চশিক্ষার ভিত শক্ত হয় না। প্রাথমিক শিক্ষা শক্তিশালী হলে উচ্চশিক্ষাও স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়ে উঠবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন।
শনিবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, টাঙ্গাইলের সন্তানদের হাতেই এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিতে চান তিনি। টাঙ্গাইলের মানুষই যেন দেশের চালিকাশক্তিতে পরিণত হয়—এই লক্ষ্য সামনে রেখেই টাঙ্গাইলকে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে চান বলে জানান তিনি।
তিনি আরও বলেন, টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে বিএনপির। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ার অঙ্গীকারও করেন তিনি।
ঢাকার নিকটবর্তী জেলা হওয়া সত্ত্বেও টাঙ্গাইল কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি উল্লেখ করে টুকু বলেন, একসময় টাঙ্গাইল শিক্ষা নগরী ও ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ছিল। সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে বিএনপি কাজ করবে।
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি হলেও কর্মসংস্থানের অভাব একটি বড় সমস্যা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সারা দেশে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি শিক্ষিত যুবকরা চাকরি না পেলে এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। টাঙ্গাইলের সন্তান হিসেবে তিনি এমন পরিকল্পনা গ্রহণ করবেন, যাতে জেলার কোনো যুবক বেকার না থাকে।
অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুল আহসান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।