অযৌক্তিক শর্তে ভারতে খেলবে না বাংলাদেশ: ড. আসিফ নজরুল
যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক শর্ত মেনে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যাবে না। তিনি জানান, ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ অত্যন্ত যৌক্তিক কারণে কথা বলেছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. আসিফ বলেন, “আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে—এ ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্য আমি শুনিনি। আমাদের মূল দাবি হলো, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করে; অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা তা মেনে নেব না।”
তিনি আরও বলেন, ভেন্যু পরিবর্তনের বিষয়টি আগে ও হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, “পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলায় আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না।”