স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় গভীর শোক জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
স্পেনের দক্ষিণাঞ্চলের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজে সংঘটিত ভয়াবহ দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্পেনের প্রেসিডেন্টকে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সোমবার সন্ধ্যায় আদামুজে এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি নিহতদের পরিবার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ শোকবার্তাটি প্রকাশ করে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার খবর বাংলাদেশের মানুষকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি এই কঠিন সময়ে স্পেনের জনগণের প্রতি সংহতি ও প্রার্থনার কথা জানান।
শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য সৃষ্টিকর্তার কাছে শক্তি প্রার্থনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা।