ঢাকায় আফগান তালেবান সরকারের উপমন্ত্রীর সফর, বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আলোচনা
আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ মন্ত্রী পর্যায়ের সফরে ঢাকায় এসেছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা ও সহযোগিতা নিয়ে একাধিক সরকারি বৈঠক করছেন।
বাংলাদেশ সফরকালে আফগান উপমন্ত্রী বাণিজ্য মেলা পরিদর্শন করেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে একটি আলোচনা সভায় অংশ নেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও আফগানিস্তান তাদের সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করতে সম্মত হয়েছে। এর লক্ষ্য হলো বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, পারস্পরিক আস্থা জোরদার এবং উভয় দেশের জন্য বাস্তবভিত্তিক অর্থনৈতিক সুফল নিশ্চিত করা।
এর আগে রোববার তিনি বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ তার আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ শিল্পের সক্ষমতা তুলে ধরে আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদে ওষুধ ও চিকিৎসাসামগ্রী রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে।