সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা শুরু
সিলেট: নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল ১১টা ৫০ মিনিটে হোটেল থেকে জনসভাস্থলের উদ্দেশে রওনা দেন। তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলিয়া মাদরাসা ময়দান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা নগরীতে আসতে শুরু করেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জনসভাস্থলে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা চেয়ারম্যান জিল্লুর রহমান জিলু জানান, বৃহস্পতিবার ভোরে সাতটি বাসে করে তারা সিলেট শহরে পৌঁছান। পরে ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় একত্র হয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম বলেন, তিন শতাধিক নেতাকর্মী নিয়ে তারা জনসভায় অংশ নিয়েছেন।
এদিকে সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীদের হাতে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকসংবলিত এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি আঁকা গেঞ্জি, পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি।
এর আগে বুধবার রাত ৮টার দিকে ঢাকা থেকে বিজি-২২৭ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টার দিকে শ্বশুরবাড়িতে পৌঁছান।
তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম বিরাহিমপুর গ্রামে।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০০৪ সালে সিলেটে এক কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। আজ দলের চেয়ারম্যান হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিতে যাচ্ছেন তিনি।