রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী: সেনাপ্রধান

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী: সেনাপ্রধান

favicon
ভোরের আলো ডেস্ক:
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি নির্বাচনসংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

এ ছাড়া তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

কুমিল্লায় মতবিনিময়:

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল কুমিল্লায় বেসামরিক প্রশাসনের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।