গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশিত তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া হিজড়া ভোটার সংখ্যা ১ হাজার ১২০ জন।
৩০০ সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, যার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।