শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়যুক্তরাষ্ট্র–জামায়াত সম্পর্ক ‘ভয়ংকর অশনিসংকেত’: ফরহাদ মজহার

যুক্তরাষ্ট্র–জামায়াত সম্পর্ক ‘ভয়ংকর অশনিসংকেত’: ফরহাদ মজহার

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র–জামায়াত সম্পর্ক ‘ভয়ংকর অশনিসংকেত’: ফরহাদ মজহার

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্ককে ‘ভয়ংকর অশনিসংকেত’ বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তক ফরহাদ মজহার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ আয়োজিত এক আলোচনা সভার প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

‘দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট এবং এ বিষয়ে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এই আলোচনায় ফরহাদ মজহার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর প্রস্তাবের বিরুদ্ধে জামায়াত কোনো অবস্থান নেয়নি। এতে দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়, যা তিনি গভীর উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে। অনেক দল প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান প্রতিবাদ দেখা যায় না।

যুক্তরাষ্ট্রকে একটি প্রভাবশালী ভূরাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, বাস্তবতায় আন্তর্জাতিক আইন কার্যকর নয় বললেই চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডই আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা ও দুর্বলতার প্রমাণ দেয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল।