তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যাকাণ্ড: আরেক শ্যুটার গ্রেপ্তার, মোট আটক ৫
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরও এক শ্যুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবদুর রহিম। গতকাল শুক্রবার ভোরে নরসিংদী থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুর রহিমকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে গত ১১ জানুয়ারি এ ঘটনায় জড়িত শ্যুটার জিন্নাত, হত্যার পরিকল্পনাকারী বিল্লালসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।
গত ৭ জানুয়ারি রাত ৮টার পর পশ্চিম তেজতুরীপাড়ায় হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে। হামলার সময় তাঁর সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।
নিহত মুছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আহত আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।