আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যের দ্বন্দ্বে মুসাব্বির হত্যা: ডিবি
রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার পেছনের কারণ উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক সিন্ডিকেটের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই মুসাব্বিরকে হত্যা করা হয়।
তিনি জানান, এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপ। তার নির্দেশে রহিম ও জিন্নাত সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। শুক্রবার নরসিংদী থেকে রহিমকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানায়, এর আগে গত ১১ জানুয়ারি এই মামলায় শ্যুটার জিন্নাত, পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্যুটার জিন্নাত ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।