সান্তাহারে জুতার শোরুমে অগ্নিকাণ্ড, ক্ষতি ৬ লাখ টাকা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি জুতার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার পৌর শহরের মেইন রোডে কালিমন্দির সংলগ্ন ‘রহমান সুজ’ নামের জুতার শোরুমে এ আগুন লাগে।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার আফাজ উদ্দীন মণ্ডল জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, এতে অন্তত ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।