শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়: বদিউল আলম

নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়: বদিউল আলম

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো সম্পূর্ণ হয়নি।

রোববার সিলেট জেলা সুজনের উদ্যোগে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও একে একমাত্র শর্ত হিসেবে দেখা যাবে না। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিতকরণ এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে সাম্যভিত্তিক ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তোলাই ছিল ওই আন্দোলনের মূল লক্ষ্য।

সুজন সম্পাদক আরও বলেন, অতীত অভিজ্ঞতা প্রমাণ করে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে শক্তিশালী, স্বাধীন ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে দূরে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।

নাগরিক সমাজের ভূমিকা প্রসঙ্গে ড. বদিউল বলেন, নাগরিক সমাজকে ‘ল্যাপ ডগ’ নয়, বরং ‘ওয়াচ ডগ’-এর ভূমিকা পালন করতে হবে।

সিলেট জেলা সুজনের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সংলাপে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাগরিক সমাজের প্রতিনিধি, সুজন নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।