শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়রূপপুর পারমাণবিক প্রকল্পে ব্যয় বাড়ছে আরও ২৫ হাজার ৫৯২ কোটি টাকা: পরিকল্পনা উপদেষ্টা

রূপপুর পারমাণবিক প্রকল্পে ব্যয় বাড়ছে আরও ২৫ হাজার ৫৯২ কোটি টাকা: পরিকল্পনা উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপপুর পারমাণবিক প্রকল্পে ব্যয় বাড়ছে আরও ২৫ হাজার ৫৯২ কোটি টাকা: পরিকল্পনা উপদেষ্টা

দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।


রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে রূপপুর প্রকল্পের ব্যয় সাড়ে ২৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ছে।


তিনি জানান, একনেক সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। দুটি একনেক সভা হওয়ার কথা থাকলেও একটি সভায় বেশি সংখ্যক প্রকল্প অনুমোদন করা হয়েছে।


পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প গ্রহণ করেনি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকল্প বাস্তবায়ন না হলে তার অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে।


তিনি উল্লেখ করেন, এটিই বর্তমান সরকারের সর্বশেষ একনেক সভা হলেও প্রয়োজনে ভবিষ্যতে আরও সভা আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ করেন।