রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমশিক্ষাশহীদ ওসমান হাদির স্মরণসভায় উপাচার্য, হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান

শহীদ ওসমান হাদির স্মরণসভায় উপাচার্য, হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
শহীদ ওসমান হাদির স্মরণসভায় উপাচার্য, হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সোমবার (২৬ জানুয়ারি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এস এম আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন।

দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিল সংক্ষিপ্ত হলেও তিনি অল্প সময়ের মধ্যেই নিজের আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি সবসময় ন্যায় ও নিপীড়িত মানুষের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, শহীদ হাদির হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং একটি আদর্শকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। তাই এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।