পাবনা সদর উপজেলার বুদের হাট এলাকায় নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের উপস্থিতিতে বড় ধরণের সংঘর্ষ না হলেও এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জামায়াতের নারীকর্মীরা ভোট চাইতে গেলে বিএনপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে হট্টগোল সৃষ্টি করে। পুলিশ, ডিবি ও সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়পক্ষকে সরিয়ে দেয়।
জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন অভিযোগ করেন, বিএনপি কর্মীরা আমাদের নারীকর্মীদের লাঞ্ছিত করেছেন এবং দায়িত্বশীল সদস্য সুলতানকেও মারধর করা হয়েছে। অন্যদিকে, বিএনপি নেতৃবৃন্দ পাল্টা অভিযোগ করেন, জামায়াতের নারীকর্মীরা ভোটারদের কাছ থেকে আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করতে গিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
প্রশাসনের আশ্বাস অনুযায়ী, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রমের প্রত্যাশা করা হচ্ছে।