শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ভোটগণনার বিবরণী ডাকযোগে সরাসরি ইসিতে পাঠানোর নির্দেশ

ভোটগণনার বিবরণী ডাকযোগে সরাসরি ইসিতে পাঠানোর নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোটগণনার বিবরণী ডাকযোগে সরাসরি ইসিতে পাঠানোর নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র থেকে ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে (ইসি) ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি সচিবালয়।

মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানিয়ে সব রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফা অনুযায়ী প্রিজাইডিং অফিসারকে ভোটকেন্দ্র থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগণনার বিবরণীর এক কপি সরাসরি ডাকযোগে ইসিতে পাঠাতে হবে।

এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরবরাহ করা বিশেষ খামের মাধ্যমে সাধারণ ভোটকেন্দ্রের ফরম-১৬ ও গণভোটের ফরম-৩ এবং পোস্টাল ব্যালট কেন্দ্রের ফরম-১৬ক ও ফরম-৪ পাঠাতে হবে। প্রতিটি প্রিজাইডিং অফিসারকে একটি করে বিশেষ খাম সরবরাহ করা হয়েছে।

ভোটগণনার বিবরণী বীমাকৃত বা রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে এবং পোস্ট অফিস থেকে প্রাপ্তি স্বীকার সংগ্রহ করতে হবে। তবে এ জন্য কোনো স্ট্যাম্প সংযোজন বা অগ্রিম ডাকমাশুল পরিশোধের প্রয়োজন নেই। ডাক বিভাগ ‘বুক এডজাস্টমেন্ট’-এর মাধ্যমে প্রয়োজনীয় মাশুল সমন্বয় করবে।

ভোটগ্রহণের দিন ও প্রয়োজন অনুযায়ী পরদিন সকাল পর্যন্ত সংশ্লিষ্ট পোস্ট অফিস খোলা রাখার ব্যবস্থাও করা হবে, যাতে ভোটগণনার বিবরণী দ্রুত ইসি সচিবালয়ে পৌঁছানো নিশ্চিত হয়।