নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ২৪ ঘণ্টার জন্য নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি সেবা ও নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনা বাস্তবায়নের জন্য নৌ-সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত)সহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ থাকবে।
তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রসহ), সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবায় ব্যবহৃত নৌযান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ছাড়া প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহন, ভোটার ও সাধারণ মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা রাখবেন।