বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › দেশের মানুষকে যারা বঞ্চিত করেছে ও করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: মামুনুল হক

দেশের মানুষকে যারা বঞ্চিত করেছে ও করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: মামুনুল হক

favicon
ভোরের আলো ডেস্ক:

১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এ দেশের মানুষকে যারা বঞ্চিত করেছে এবং ভবিষ্যতেও যারা বঞ্চিত করতে চাইবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, মানুষ ব্যালটে ভোট দেবে এবং ভোটকেন্দ্রে পাহারাদারি করবে, যেন কারও ভোট কেউ ছিনতাই করতে না পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে রিকশা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, দেশের ৫৪ বছরের শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে মুক্তির জন্যই ২০২৪ সালের জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। তিনি বলেন, বাংলার সাহসী সন্তানেরা বুক পেতে মাঠে নেমেছিল, বুলেটের মুখে দাঁড়িয়েছিল। তাদের রক্তের বিনিময়েই জুলাই সনদ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে গণ-অভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।

‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, তারা মূলত বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন মামুনুল হক। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে কেউ যেন দেশের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে।

মামুনুল হক আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান চায়। জনগণ আর পুরনো কাউকে ক্ষমতায় দেখতে চায় না। দুর্নীতিমুক্ত, ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও পরবর্তী সময়ে লুটপাট ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ আবার পরিবর্তনের পথে হাঁটছে। তবে কিছু রাজনৈতিক দল দেশকে আবার পুরনো পথে ফেরানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

মামুনুল হক বলেন, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ আবারও অধিকার আদায়ে রুখে দাঁড়াবে।