যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনও পক্ষ নেবে না: নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও রাজনৈতিক পক্ষ নেবে না বলে জানিয়েছেন দেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভোটে নির্বাচিত করবেন, সেই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার সব প্রস্তুতির বিষয়ে তাদের অবহিত করেছেন এবং ভোটের ফলাফল নির্ধারণ করবেন কেবল জনগণ।
এর আগে, মার্কিন রাষ্ট্রদূত বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দেশের নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।