ইন্টারনেট বন্ধের প্রতিবাদ থেকেই শক্তিশালী সরকারের পতন: ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে গণবিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত একটি মহাশক্তিশালী সরকারের পতনের কারণ হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু দেশেই নয়, বিশ্বপরিসরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন, প্রযুক্তি খাতে অগ্রগতির জন্য সনাতন ও পুরোনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন ভাবনা ও উদ্ভাবনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতেও নতুন সম্ভাবনার সূচনা করবে।
ডিজিটালাইজেশন নিয়ে সমালোচনা করে ড. ইউনূস বলেন, সবকিছু ডিজিটাল করার কথা বলা হলেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ দেখা যাচ্ছে না। অধিকাংশ ডিজিটাল সেবা এখনো মন্ত্রণালয়কেন্দ্রিক রয়ে গেছে, এসব সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।