বাংলা ক্যালেন্ডারে এখন মাঘ মাস—শীতকাল হলেও দেশের অনেক এলাকায় তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না। এতে প্রশ্ন উঠছে, শীত কি তবে আগেভাগেই বিদায় নিচ্ছে? আবহাওয়া অধিদফতর সরাসরি শীত বিদায়ের ঘোষণা না দিলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত দিয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশে শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু–এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবারও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
৩০ জানুয়ারি রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পঞ্চম দিন, অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে এবং এর একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতির কারণে সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।