নির্বাচনী কাজে বিএনপির হামলার অভিযোগ, টাঙ্গাইলে ১১ দলীয় জামায়াত জোটের সংবাদ সম্মেলন
টাঙ্গাইল সদর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে এবং নির্বাচনী কার্যক্রমে বিএনপির হামলার অভিযোগে ১১ দলীয় জামায়াত জোট সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের হলরুমে সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আহসান হাবীব মাসুদ বলেন, টাঙ্গাইলের সদর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল, ভূঞাপুর ও কালিহাতী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির পদধারী নেতাকর্মীরা হামলা চালিয়েছে। বিশেষ করে গত ২৬ জানুয়ারি গোপালপুরে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
তিনি জানান, এসব ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলাও করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রতিকার পাওয়া যায়নি।
আহসান হাবীব মাসুদ আরও বলেন, এভাবে নির্বাচনী কাজে বাধা দিলে “লেভেল প্লেয়িং ফিল্ড” নষ্ট হয়ে যায়। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ১১ দলীয় জোট কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, ইসলামি ছাত্রশিবিরসহ জোটভুক্ত বিভিন্ন দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।