শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়নির্বাচনের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান, প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির খোলা চিঠি

নির্বাচনের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান, প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির খোলা চিঠি

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান, প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির খোলা চিঠি

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

বুধবার (২৯ জানুয়ারি) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

চিঠিতে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয় সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে। অ্যামনেস্টির দাবি, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সমালোচক ও সাংবাদিকদের দমনে কঠোর আইন ব্যবহার করছে। উদাহরণ হিসেবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও আনিস আলমগীরের গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়, যেগুলোকে সংস্থাটি স্বেচ্ছাচারী ও মানবাধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।

এছাড়া, সহিংসতা প্রতিরোধে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে অ্যামনেস্টি। গত ১৮ ডিসেম্বর প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ, নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা এবং ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের গণপিটুনির ঘটনায় প্রশাসনের কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার পুনরুদ্ধারের যে দায়িত্ব অন্তর্বর্তী সরকার পেয়েছে, আগামী কয়েক সপ্তাহ হবে তা প্রমাণ করার গুরুত্বপূর্ণ সময়। নাগরিকরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারেন, সে জন্য কার্যকর আইন ও নীতির বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষায় করণীয় বিষয়ে একটি মানবাধিকার সনদও প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো মানবাধিকার নিশ্চিত করা।