শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের

নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পটুয়াখালী ও খুলনা সফরকালে গতকাল তিনি সেনা সদস্যদের উদ্দেশে এসব দিকনির্দেশনা দেন।

সফরকালে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান।

এছাড়া তিনি বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও অনুরূপ আরেকটি সভায় অংশ নেন তিনি।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এই সফরে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের জিওসি, এরিয়া কমান্ডার, সেনাসদর, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।