দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু
দীর্ঘ ১৪ বছর বিরতির পর ঢাকা–করাচি রুটে আবারও সরাসরি নন-স্টপ ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট চলবে।
বিমান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। ফেরার পথে করাচি থেকে রাত ১২টায় ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং খরচও কমবে। আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব হয়ে যেতে হতো, ফলে সময় ও ব্যয় দুটোই বেশি লাগত। নতুন ব্যবস্থায় যাত্রীরা আগের তুলনায় সর্বনিম্ন ৩০ হাজার টাকা কম খরচে ভ্রমণ করতে পারবেন।
ঢাকা–করাচি ১,৪৭১ মাইল দীর্ঘ এই রুটে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হবে। পুরো যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন ইতোমধ্যে বুকিং হয়েছে। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে আরও আরামদায়ক ও ঝামেলামুক্ত।
দীর্ঘদিন পর এই রুট চালু হওয়ায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে নতুন গতি আসবে।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এই রুট চালু হওয়ায় যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। নতুন করে চালু হওয়ায় রাউন্ড ট্রিপ ভাড়ায় যাত্রীরা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।