রূপগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় তালিকায় নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আজাহার কাঞ্চন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি দলীয় উঠান বৈঠকের সময় নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আজাহার কাঞ্চন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।