খুলনা ও যশোরে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান
আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে সোমবার সকালে খুলনার খালিশপুর প্রভাতী হাইস্কুলের মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি যশোরের উদ্দেশে রওনা হবেন।
দুপুর ১২টায় যশোর শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দলীয় সূত্র অনুযায়ী, এটিই যশোরে তারেক রহমানের প্রথম সফর।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোরের সমাবেশে মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর থেকেই জনসমাগম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমানকে ঘিরে কয়েক লাখ মানুষের উপস্থিতি হতে পারে। শহরের ভেতরে পর্যাপ্ত মাঠ না থাকায় জনদুর্ভোগ এড়াতে শহরের বাইরে উপশহর ডিগ্রি কলেজের বড় মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে।
যশোরের জনসভা শেষে তারেক রহমান ঢাকায় ফিরে যাবেন বলেও জানান জেলা বিএনপির সভাপতি।